অনুসন্ধান..

শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

আজ রাতে লিখতে পারি সবচেয়ে বিষাদাক্রান্ত পঙক্তিগুলো

মূলঃ পাবলো নেরুদা
অনুবাদঃ কালপুরুষ কাফকা


সেই বিষাদাক্রান্ত পঙক্তিগুলো
আজ রাতে আমি লিখতে পারি
যেমন ধরো লিখতে পারি, “এই রাত নক্ষত্রালোকিত,
তারাগুলো দূরে গভীর নীল আর উজ্জ্বল হয়ে আছে”
আকাশে রাতের বাতাস নাচে আর গান করে

আজ রাতেই আমি লিখতে পারি
দুঃখভারাক্রান্ত আমার পঙক্তিগুলো
তাকে ভালবাসতাম আমি, এবং কখনো কখনো
সেও আমাকে ভালোবাসতো
সেই রাতটি ছিল এমন যে, আমরা আলিঙ্গন করেছিলাম
অসীম আকাশের নিচে আমরা খেয়েছিলাম প্রথম ও শেষ চুম্বন

সে ভালবেসেছিল আমাকে, কখনো আমিও তাকে ভালবাসতাম
কে আছে পৃথিবীর, তার সমুদ্রের মতো চোখ ভালো না বেসে পারে!

আজ রাতেই আমি লিখে রাখবো
আমি তাকে পাইনি জেনে
এবং জেনে— ফেলেছি হারিয়ে তার প্রেম

শুনি, এই চমৎকার রাতের শব্দ
তাকে ছাড়াও রাতটি চমৎকার!
যেন কবিতারা ঝরে পড়ে আত্মার উপর
যেমন ঘাসের শরীরে শীত ঝরে পড়ে

যদি তাকে না পায় আমার ভালোবাসা
                                 কী এসে যায়?
এই রাত তবু নক্ষত্রালোকিত এবং
                             সে নেই এই পথে

আর কিছু নেই। দূরে কেউ গান গাইছে।
                                          অল্প দূরে—
তাকে হারিয়ে আমার হৃদয় আনন্দিত নয়
আমার চোখগুলি তাকে খুঁজছে যেন তাকে কাছে পায়
আমার হৃদয় তাকে খুঁজে বেড়াচ্ছে এবং সে কাছে নেই
সেই রাত সেই গাছগুলোকে আজও উজ্জ্বল করে তুলছে
কেবল আমরা— সেদিনের আমরা আর নেই

এটা নিশ্চিত যে, আমি আর তাকে ভালোবাসি না
কী করে ভালবেসেছিলাম!

তবু আমার কণ্ঠস্বর খোঁজে সেই বাতাস
যা তার শ্রুতি শুনতে পায়
সে অন্য কারো হবে, জেনেছি তাকে চুমু দেবার সময়
তার কণ্ঠস্বর, তার উষ্ণ শরীর; তার উজ্জ্বল চোখ

তাকে আমি আর ভালোবাসি না, নিশ্চিত জানি
যদিও হয়তো তাকে ভালোবেসেছিলাম
ভালোবাসা বিষয়টা যদিও ক্ষণিকের, ভুলে যাওয়া দীর্ঘকালের
কারণ আজকের মতোই এই রাতগুলোতে তাকে
জড়িয়ে রাখতাম বুকে

আমার আত্মা আনন্দিত নয় যেন সে তাকে হারিয়ে ফেলেছে চিরদিনের জন্য
এটাই হলো শেষ বিষাদ যা সে আমাকে উপহার দিয়ে গেছে
এবং এটাই শেষ কবিতা আমার যা তার জন্য লিখেছি

মূলঃ Tonight I can write the saddest lines /  Pablo Neruda