বাদল শাহ আলম
কবিতাই যদি লিখো- তাহলে সোজা ঊর্ধ্ব বরাবর ধরো
এবং নিশ্চিন্তে বেগ ছেড়ে দাও
সাথে কিছু আগুন পানি খাও
এবার পরখ করে দেখো ফোয়ারা কতদূর উঠলো
গদিনশীল চেয়ারটি পুরোটাই ভিজে যদি
ধরে নাও কবিতার প্রজন্ম হতে পারে
শালা নেড়ি কুকুরের পুত- শিরোনামে
নিজেকে গালি দাও ইচ্ছেমতো
ঘেউ- ঘেউ- ঘেউ। তিনবার প্রতিধ্বনিতে
বাতাসের পর্দা ফাটিয়ে বলো- তুমি আছো।
অন্যথায় রবীন্দ্রনাথ হয়ে পড়তে পারো
এবং বন্ধ্যাশ্রমে ঘষাঘষি শেষে
ঠাঁই নাই ঠাঁই নাই-বলে
কালের কলস তুলে দিতে পারো
সভ্যতার সংকটের কাছে।